খেলাধুলার মাধ্যমে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে থাকার আহ্বান ( মোঃ সাইদুল ইসলাম রাজ)
বেলকুচি প্রতিনিধি:
সিরাজগঞ্জের খুকনী ইউনিয়নের রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মিনি ফুটবল ফাইনাল টুর্নামেন্ট। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজক ও অতিথিরা।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা শাখা বিএনপি যুবদলের সংগ্রামী সদস্য সচিব এবং ৯ নম্বর খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ সাইদুল ইসলাম রাজ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুকনী ৯ নম্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আলহাজ্ব গোলাপ হোসেন এবং খুকনী ৯ নম্বর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব জনাব মোঃ আবুল কালাম। এছাড়াও অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীসহ এলাকার মুরুব্বি, স্নেহভাজন ও শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাইদুল ইসলাম রাজ বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোর ও তরুণদের একটি বড় অংশ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বিভিন্ন অনলাইন মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করছে। পাশাপাশি মাদকাসক্তির মতো ভয়াবহ প্রবণতাও সমাজের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, “আমাদের সন্তানদের অ্যান্ড্রয়েড ফোনের আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বাড়াতে হবে। নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর পরিবেশে গড়ে তুলতে হবে। তারা যদি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে মনোযোগী হয়, তাহলে একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নিশ্চিত করে না, বরং শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা, নেতৃত্বের গুণাবলি ও সৌহার্দ্যবোধ তৈরি করে। তাই প্রতিটি এলাকায় নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরাও তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে জমজমাট ফাইনাল ম্যাচ উপভোগ করেন উপস্থিত অতিথি, খেলোয়াড়, দর্শক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। টুর্নামেন্টকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।